তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রতিদিনেই বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিটি মিনিটই দুঃসংবাদ দিয়ে যাচ্ছে তুরস্ক ও সিরিয়াবাসীকে। বাতাসে লাশের গন্ধ আর মাটিতে বেঁচে থাকার সংগ্রাম। জীবন আটকে গেছে ধ্বংসস্তূপের নিচে। জীবন নয়; পুরো তুরস্ক ও সিরিয়া আটকে আছে। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ৪৬ হাজার।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৪০ হাজার ৬৪২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। সেহিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৪২ জনে।
এদিকে ভূমিকম্পের ১০তম দিনে তুরস্কে ‘মিরাকল’ ঘটেছে। ১০ দিন পর ধ্বসে পড়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে। এর মধ্যে ১২ বছর বয়সের এক শিশু রয়েছে।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল ২৯ বছর বয়সি নেসলান কিলিককে ২৫৮ ঘণ্টা পর উদ্ধার করে। আনাদোলু বার্তা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
খবরে আরও বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সি বালক ওসমান হালেবিয়ে, ২৬ বছর বয়সি যুবক মেহমেত আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সি মুস্তাফা আভসিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।
ওসমান হালেবিয়ে উদ্ধার করা হয়েছে তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে। সে বিদেশি নাগরিক বলে জানা গেছে। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা স্থানীয় একটি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছিলেন।
Development by: webnewsdesign.com