ভারতে এসে যেনো খেই হারালো অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে চেনা যাচ্ছে না টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে থাকা দলটিকে। অজিরা রোববার ৬১ রান নিয়ে দিন শুরু করে মাত্র ৫২ রান যোগ করতেই হারিয়েছে দ্বিতীয় ইনিংসের বাকি ৯ উইকেট।
দিল্লিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতকে মাত্র ১১৫ রানের জয়ের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া। জবাবে লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে রোহিতের দল।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান। ভারত প্রথম ইনিংসে থামে ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে গুটিয়ে সিরিজজুড়ে বিবর্ণদশার আরেকদফা প্রদর্শনী করল সফরকারী দল।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে এক রানের লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে খাজার উইকেট হারালেও ট্রাভিস হেড ও লাবুশেন ৬১ রানে দিন শেষ করে আশা জাগিয়েছিলেন। খাজার উইকেট তুলেছিলেন জাদেজা।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনের পুরোটাও ২২ গজে থাকতে পারেনি কামিন্সের দল। খেলতে পেরেছে মাত্র ১৯.১ ওভার, রান তুলেছে মোটে ৫২। তাতেই নেই বাকি ৯ উইকেট। জাদেজা ও অশ্বিনের স্পিন বুঝতেই পারেননি অজি ব্যাটাররা।
দুর্দান্ত জাদেজা বল করেছেন ১২.১ ওভার, যার মধ্যে মেডেন একটি। রান দিয়েছে ৪২, আউট করেছেন লাবুশেন, কামিন্সসহ ৭ জনকে। বাকি ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। ১৬ ওভার বল করে তিন মেডেনসহ ৫৯ রান দিয়েছেন তারকা অফস্পিনার।
Development by: webnewsdesign.com