মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. জহিরুল আনিস।
নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ ওসামা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
সহকারী প্রক্টর জহিরুল আনিস বলেন, আমাদের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্ট করেছে শুনে আমরা মেডিক্যালে আসি। যতদূর জানি, হাসপাতালে নিয়ে আসার আগে পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। নিহতের পরিবার কোনো কাটাছেঁড়া চায় না। তাই পোস্টমর্টেম হবে না। আইবিএ’র পরিচালক আমাকে কল করে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে বলেছেন। পরিবহন দপ্তর থেকে একটা পিক-আপ পাঠিয়ে দিয়েছি। তারা হয়তো দ্রুতই মরদেহ নিয়ে বাসায় ফিরবেন।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আজ দুপুর তিনটার দিকে রাজাবাড়ি এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ছিল। তিনজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।
Development by: webnewsdesign.com