ব্রেকিং

x

আরো ২৭৬ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩০ অপরাহ্ণ |

আরো ২৭৬ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
সংগৃহীত ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল (ভোজ্যতেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরো বলেন, টিসিবির জন্য এ তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হচ্ছে।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএন ট্রেডিং ঢাকা’র কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com