ব্রেকিং

x

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ণ |

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যদের গুলিতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি সৈন্যদের অভিযানে ১০২ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখন তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেফতার করতে আসে ইসরায়েলি বাহিনী। তারা দু’জনই গুলিতে নিহত হয়েছেন।

ইসরায়েলি সৈন্যদের এই সহিংস অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন তল্লাশি চৌকিতে বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের দখলকৃত বিভিন্ন এলাকায় ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে। তবে আর বিস্তারিত জানায়নি তারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com