মুক্তির ২৭ দিনেই বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’। ছবিটি বিশ্বব্যাপী এই আয় করে। ভারতে আয়ের দিক থেকে শীর্ষ হিন্দি ছবির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘পাঠান’।
বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে ‘পাঠান’ এখন পঞ্চম ভারতীয় চলচ্চিত্র। আমির খানের দঙ্গল ১ হাজার ৯৬৮ কোটি, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ১ হাজার ৭৪৭ কোটি, কেজিএফ-২ ছবি ১ হাজার ১৮৮ কোটি এবং আরআরআর ১ হাজার ১৭৪ কোটি রুপি আয় করেছে। আয়ের দিক থেকে এরপরই এখন ‘পাঠান’।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ ভারতে প্রায় ৪৯৯ কোটি রুপি আয় করে। তবে শীর্ষে থাকা ‘বাহুবলী ২’- এর হিন্দি সংস্করণের (৫১০ কোটি রুপি) কিছুটা পেছনেই থাকে পাঠান। চতুর্থ সপ্তাহান্তে সিনেমাটি হিন্দি বাজারে ১০ কোটি রুপি যোগ করে।
যশ রাজ ফিল্মস পাঠানের বিশ্বব্যাপী আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। এক টুইট বার্তায় রোববার পর্যন্ত সিনেমাটির ৯৯৬ কোটি রুপি আয়ের তথ্য প্রকাশ করা হয়, যা সোমবার ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে।
বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড অনুযায়ী, ভারতে পাঠানের আয় ৬২৩ কোটি রুপি এবং বিদেশি বাজারে আয় ৩৭৭ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১০০০ কোটি রুপি, যা শাহরুখ খান ও বলিউডের এক অনন্য মাইলফলক।
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। সিনেমাটিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় অ্যাকশন করেন দুই মেগাস্টার।
Development by: webnewsdesign.com