দেশে রোজায় দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিনির দরে ঊর্ধবগতির মধ্যে রোববার (২৬ ফেব্রুয়ারি) শুল্ক ছাড়ের এই পরিপত্র এলো সংস্থাটি থেকে।
প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকরা বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করতে পারবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানে নিরবচ্ছিন্ন চিনির সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ৬ হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল। অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিল। দামের ঊর্ধ্বগতির কারণে এটি কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এ সুবিধা চলতি বছরের ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।
এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, এখন থেকে আমদানিকৃত চিনির উপর থেকে খসড়া হিসাব অনুযায়ী, অপরিশোধিত প্রতি কেজি চিনির উপর থেকে শুল্ক ৭ টাকা এবং পরিশোধিত চিনির উপর থেকে ১০ টাকা প্রত্যাহার করা হয়েছে।
এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিশেষ করে আগামী রমজান মাসে ইফতারের বিশেষ প্রয়োজনীয় পণ্য হিসেবে চিনির দাম কিছুটা হলেও কমিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৩ মার্চ রোজা শুরু হবে, এক মাস পর এপ্রিলের শেষ ভাগে হবে ঈদুল ফিতর।
Development by: webnewsdesign.com