আর মাত্র ক’দিন পরেই শুরু হবে পবিত্র রমজান মাস। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ইতোমধ্যেই সরকার নানা উদ্যোগ নিলেও তার তেমন প্রভাব পড়েনি বাজারে।
রোববার (১২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের প্রতিটি লেবুর প্রতি পিস ২০ টাকা, ছোট সাইজের লেবু ১২-১৫ টাকা পিস এবং মাঝারি সাইজের প্রতিটি লেবুর দাম ১৬-১৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। বড় সাইজের এক হালি লেবু কিনতে হলে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ টাকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে খিলগাঁও বাজারের খুচরা বিক্রেতা কাদির বলেন, ‘গরমের কারণে লেবুর চাহিদা বেশি। পাইকারিও দাম বাড়তি। যেমন কেনা, তেমন বিক্রি করছি।’
অন্য আরেক ব্যবসায়ী বলেন, বেশ কিছুদিন ধরেই লেবুর বাজার চড়া। এবার লেবুর ফলন খুব কম হয়েছে। সরবরাহও কম। তাই দাম চড়া। এখানে বিক্রেতাদের কিছু করার নেই।
ক্রেতা মাসুদ বলেন, এটি নীরব দুর্ভিক্ষের মতো। এত দামে সাধারণ মানুষ কী কিনে খাবে? কোনো নজরদারি নেই! আমরা এখন পুরো অসহায়।
Development by: webnewsdesign.com