দেশের মুরগিবাজার অস্থির। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম হয়েছে দ্বিগুণ। বাজার সংশ্লিষ্টরা বলছে, দাম ২০০ টাকার বেশি হওয়া অযৌক্তিক। বর্তমানে বাজারভেদে ব্রয়লার বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা পর্যন্ত।
তবে, আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্রয়লার মুরগির দাম সহনীয় পর্যায়ে না এলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বুধবার (২২ মার্চ) রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারের নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম শেষে এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহা-পরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
এর আগে তারা গণসচেতনতায় দোকানে দোকানে লিফলেট বিতরণ ও পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করেন। এ বছর রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য স্লোগান ঠিক করেছেন তারা। স্লোগানটি হলো—‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে।’
এদিকে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে বাজার কমিটি থেকে শুরু করে উৎপাদক পর্যায়ের ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com