আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
বুধবার (২২ মার্চ) এ ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
আয়ারল্যান্ড সিরিজের মধ্য দিয়ে প্রথমবার দলে ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়া জাকির আলী অনিককে দলে নেওয়া হয়েছে। টি-২০ সিরিজের দলে নেই রেজাউর রহমান রাজা, আফিফ হাসেন ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশের টি-২০ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও জাকের আলী।
এদিকে আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের একাদশে জায়গা হারিয়েছিলেন, এবার দলেরও বাইরে চলে গেলেন আফিফ হোসেন। প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া শরীফুল ইসলামও বাদ পড়েছেন। আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য তাদের বাইরে রেখে মঙ্গলবার (২১ মার্চ) দল ঘোষণা করেছে বিসিবি। শেষ ওয়ানডেতে ১৬ সদস্য থেকে খেলোয়াড় কমানোর অংশ হিসাবেই তাদের বাইরে রাখা হয়েছে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এক ম্যাচ বাকি, তাই এত বড় দল রেখে লাভ নেই। এর থেকে তারা ঢাকা লিগে খেলুক। ওরা টি ২০ সিরিজের বিবেচনায় থাকবে।’ চোখে আঘাত পাওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ রয়েছেন শেষ ম্যাচের দলে।
বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার ও ইয়াসির আলী।
প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বৃহস্পতিবার (২৩ মার্চ)।
Development by: webnewsdesign.com