বাফুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রোববার (৯ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই নির্দেশ দেন। এসময় ফিফার টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে আদেশের ওপর চেম্বার আদালতের স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফেডারেশনের অভ্যন্তরীণ অর্থপাচার, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে এই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন আদালত।
এই নির্দেশনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (ক্রীড়া -১) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকিরা হলেন- জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-২), জাতীয় ক্রীড়া পরিষদের উপ সচিব (বাজেট) ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ)।
সোমবার (১০ জুলাই) দুপুরে বাফুফে ভবনে একটি সভা করবে ক্রীড়া মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটি। ইতোমধ্যে সভার বিষয়ে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
উল্লেখ্য, গত ১৪ মে বাফুফের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে দুদকের চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, বাফুফেসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
Development by: webnewsdesign.com