বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রস্তাবিত পরিচালনা পর্ষদে স্পনসরদের পক্ষ থেকে তিনজন পরিচালক থাকবেন। তারা হলেন- এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ। পর্ষদের আরেক সদস্য হিসেবে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে। এ পদে নতুন করে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কমিশন।
এছাড়া স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে একজন পরিচালক পর্ষদে থাকবেন। পাশাপাশি চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে তিনজন নতুন করে নিয়োগ পাবেন। চার স্বতন্ত্র পরিচালকের মধ্যে একজন নারী থাকবেন।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান পরিপালন করতে হবে। ফলে নতুন পর্ষদে স্পনসর, ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে মোট নয় সদস্যের কাঠামো তৈরি হবে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে অনাপত্তি দেওয়ার পাশাপাশি কমিশন পূর্বে জারি করা দু’টি সংশ্লিষ্ট আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।
Development by: webnewsdesign.com