জাতীয় এসএমই পণ্যমেলায় সাতদিনে ১৪ কোটি ১৯ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা শুধু পণ্যের প্রদর্শনী ও বেচাকেনার আয়োজন নয়, বরং দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নতুন সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং শিল্পায়নের পথে এগিয়ে নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলা- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিল্পসচিব বলেন, এবারের মেলা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি উদ্যোক্তাদের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণার পাশাপাশি এসএমই খাতের উন্নয়নে সরকারের নীতিগত অগ্রাধিকার, সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। সরকারের নির্বাচনি ইশতেহারে অর্থনৈতিক গণতন্ত্রায়নের যে প্রতিশ্রুতি রয়েছে, এসএমই খাতের বিকাশ তার অন্যতম কার্যকর মাধ্যম।
তিনি বলেন, মেলার প্রতিটি স্টলের পেছনে রয়েছে একজন উদ্যোক্তার সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্প। কেউ সীমিত সঞ্চয় দিয়ে ব্যবসা শুরু করেছেন, কেউ পারিবারিক ঐতিহ্যকে নতুনভাবে বাজারে এনেছেন, আবার কেউ উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে নতুন পণ্য তৈরি করেছেন। এসব উদ্যোক্তাই বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পায়নের সম্ভাবনাকে এগিয়ে নিচ্ছেন। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
শিল্পসচিব আরও বলেন, একটি মেলার সাফল্য শুধু দর্শনার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী উদ্যোক্তা কিংবা পণ্য বিক্রির পরিমাণ দিয়ে মূল্যায়ন করা যথেষ্ট নয়। মেলার মাধ্যমে কতজন নতুন উদ্যোক্তা ব্যবসায়িক অংশীদার পেয়েছেন, কতজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং কতজন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পেরেছেন, সেটিও বিবেচনায় নিতে হবে।
উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, পণ্যের গুণগত মান, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকের আস্থা অর্জনই ব্যবসায়িক সাফল্যের মূল ভিত্তি। একটি পণ্য প্রথমবার বিক্রির জন্য ভালো বিপণন প্রয়োজন হলেও দ্বিতীয়বার বিক্রির জন্য প্রয়োজন গুণগত মান ও গ্রাহকের আস্থা।
এবারের সাত দিনব্যাপী পণ্য মেলায় প্রায় ১৪ কোটি ১৯ লাখ টাকার পণ্য বিক্রয় এবং উদ্যোক্তারা মোট ২০ কোটি ৪৩ লাখ টাকার অর্ডার পেয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, এই অর্ডারগুলোকে সাময়িক সাফল্য হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক ও বাজার সম্প্রসারণের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
শিল্পসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের একটি স্থানীয় পণ্য আগামীদিনে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হবে এবং একটি ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
এর আগে সচিব উদ্যোক্তাদের মাঝে এসএমই লোন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্যোগতাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
Development by: webnewsdesign.com