ব্রেকিং

x

ইউএইতে শেখ খলিফার ঋণ সালিশি রায়ের পর চূড়ান্ত নিষ্পত্তি: জনতা ব্যাংক

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ৯:৫৮ পূর্বাহ্ণ |

ইউএইতে শেখ খলিফার ঋণ সালিশি রায়ের পর চূড়ান্ত নিষ্পত্তি: জনতা ব্যাংক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেখ খলিফা বিন মোহাম্মদ আল নাহিয়ান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ-সংক্রান্ত বিষয়টি দীর্ঘ আইনি ও সালিশি প্রক্রিয়া শেষে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি।

ব্যাংকটির দাবি, দীর্ঘদিন পাওনা আদায়ের চেষ্টা, দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ের উদ্যোগ এবং সালিশি কার্যক্রমের পর প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই ওই ঋণ চূড়ান্তভাবে অবলোপন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান।

সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ফয়েজ আলম ও নুরুল হুদা এবং তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের প্রধান মোহাম্মাদ আনিসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের চেয়ারম্যান বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকের কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ব্যাংকের নজরে এসেছে। বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ইউএইতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থ বিবেচনায় দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইউএইতে জনতা ব্যাংকের কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশটির প্রয়াত রাষ্ট্রপ্রধানের সঙ্গে সম্পৃক্ত একটি পুরোনো ঋণের বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই ঋণ-সংক্রান্ত বিরোধ ১৯৮৯ সালের নভেম্বরেই নিষ্পত্তির পর্যায়ে যায়। পরবর্তী সময়ে সালিশি রায়ের ভিত্তিতে দায় চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। অথচ প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি।

এ বিষয়ে জনতা ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ব্যাংকের ইউএই কার্যক্রম নিয়ে প্রচারিত প্রতিবেদনে কিছু তথ্যগত ভুল রয়েছে। বিশেষ করে শেখ খলিফা গ্রুপের প্রতিষ্ঠান ফাইন্যান্স মরিস ও মেট্রোপলিটন এন্টারপ্রাইজের ঋণ-সংক্রান্ত প্রতিবেদনে প্রয়াত ইউএই প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যাংকের নথি অনুযায়ী, ঋণগ্রহীতা ছিলেন শেখ খলিফা বিন মোহাম্মদ আল নাহিয়ান।

ব্যাংক বলছে, দুই দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতির ভিত্তিতে ১৯৮৯ সালের সালিশি আদালতের নির্দেশনা অনুসরণ করে ২০০৩ সালেই ওই ঋণের চূড়ান্ত দায় নিষ্পত্তি করা হয়।

তিন ভারতীয় নাগরিক নিয়োগের ব্যাখ্যা
ইউএইতে জনতা ব্যাংকের শাখায় তিন ভারতীয় নাগরিক নিয়োগের বিষয়ে ব্যাংক জানায়, স্থানীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে ১৯৮২ সালে প্রণীত জনতা ব্যাংকের ইউএই শাখাসমূহের স্থানীয় নিয়োগ-সংক্রান্ত কর্মীসেবা বিধিমালা অনুসরণ করা হয়েছে।

 

বিদেশে স্থানীয়ভাবে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা নেই বলেও দাবি করেছে ব্যাংকটি।

ইতালির এক্সচেঞ্জ কোম্পানি বন্ধ হয়নি
ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানি (জেইসি) এসআরএল বন্ধ না করার বিষয়েও ব্যাখ্যা দিয়েছে জনতা ব্যাংক।

ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিলে দেশে প্রবাসী আয় প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তির ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ছিল। এসব বিষয় বিবেচনায় প্রতিষ্ঠানটি বন্ধ না রেখে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

বর্তমানে ইতালিতে প্রবাসী আয় সংগ্রহ বাড়াতে এজেন্টের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ এবং ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনতা ব্যাংক।

ছয় ল্যাপটপের অস্তিত্ব নিয়ে দাবি
প্রতিবেদনে ‘অস্তিত্বহীন’ হিসেবে উল্লেখ করা ছয়টি ল্যাপটপের বিষয়ে ব্যাংকটির দাবি, ল্যাপটপগুলো বাস্তবে রয়েছে এবং সেগুলো ব্যাংকের দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে।

এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে উঠে আসা কিছু বিষয় এরই মধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জনতা ব্যাংক বলেছে, ইউএইর একটি গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যের নাম ব্যবহার করে এরই মধ্যে নিষ্পত্তি হওয়া কোনো বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেলে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ইউএইতে কর্মরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর গুরুত্বপূর্ণ শ্রমবাজারও ঝুঁকিতে পড়তে পারে।

এ কারণে বাংলাদেশ ও ইউএইর দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, নির্ভুলতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com