করোনার ধাক্কা সামলে রোববার (১৪ নভেম্বর) থেকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা।
সম্পূর্ণ এক নতুন পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষা। এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।
করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে এবার পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জমায়েত নিয়ন্ত্রণে থাকবে কড়াকড়ি।
ঢাকা মহানগরে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে। শুক্রবার (১২ নভেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। তবে দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর দাবি তাদের।
তিন ঘণ্টার পরিবর্তে এবার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে দেড় ঘণ্টায়।
করোনার কারণে বাংলা, গণিত, ইংরেজির মতো আবশ্যিক বিষয়ের পরীক্ষা হচ্ছে না।
শুধু বিভাগভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা হবে। এসব বিষয়ে পরীক্ষা না হলেও জেএসসি-জেডিসি ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা, এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনও বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেয়া হবে।
Development by: webnewsdesign.com