ব্রেকিং

x

বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১১:১৮ পূর্বাহ্ণ |

বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে

খেলাপি ঋণ বাড়লেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। জুন শেষে এ ঘাটতি ২ লাখ ২২ হাজার কোটি টাকা থাকলেও সেপ্টেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার কোটি টাকা। তিন মাসে ঘাটতি কমেছে ৪ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি রেকর্ড ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। ওই সময় খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।

প্রভিশন হলো ঋণ আদায় না হলে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকের সংরক্ষিত অর্থ। সাধারণ ঋণের বিপরীতে ১ শতাংশ এবং ঋণের শ্রেণিমান অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। ব্যাংকের আয় থেকে এ অর্থ সংরক্ষণ করা হয়।

ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের অনিয়ম, জালিয়াতি ও ঋণ লুটের ঘটনা সামনে আসতে শুরু করে। ভুয়া প্রতিষ্ঠান ও অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত করে খেলাপি হিসেবে শ্রেণিকরণ করায় খেলাপি ঋণ দ্রুত বেড়েছে। এতে ব্যাংকগুলোর প্রভিশন ও মূলধন ঘাটতির চাপ তৈরি হয়েছে।

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক রোডম্যাপ ঘোষণা করেছে। এর আওতায় ঋণ আদায়ে বিশেষ ইউনিট গঠন, আইনি কার্যক্রম জোরদার, অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং জামানত আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ঋণ পুনঃতফসিল ও এক্সিট পলিসির আওতায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এক্সিট পলিসিতে ঋণের সুদ মওকুফ করে শুধু আসল অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। তবে এসব উদ্যোগের পরও খেলাপি ঋণ কমছে না।

ব্যাংকভিত্তিক প্রভিশন ঘাটতি

সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি প্রায় ৭৪ হাজার কোটি টাকা।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। এসব ব্যাংকেও প্রভিশন ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে।

বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৮ হাজার ৩০০ কোটি টাকা, যা মোট ঋণের ৩৯ দশমিক ৫ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি ২৭ কোটি টাকা।

বাড়ছে খেলাপি ঋণ

২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার পতনের আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে আনতে উদ্যোগ নেওয়া হলে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যায়। পরে বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ায় কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে আবার বাড়ছে।

এদিকে গত দুই বছর ধরে ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে অনীহা, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাওয়ায় ঋণ আদায়েও চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে ব্যাংকের আর্থিক অবস্থায়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com