নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, পারিবারিক নির্যাতন বন্ধ এবং বহুসাংস্কৃতিক সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে ১৮তম হোয়াইট রিবন অনুষ্ঠান ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি উদ্যোক্তা, কমিউনিটি সংগঠক ও পেশাজীবীদের সক্রিয় উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
গত ২২ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে নবধারা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা, কমিউনিটি নেতা, সাংবাদিক, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
নবধারা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাসিম সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড জাস্টিসের মাল্টিকালচারাল পলিসি অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের কমিউনিটি লিয়াজোঁ অফিসার ডেলাইলা শিনকো, মাল্টিকালচারাল কমিউনিটি ওয়ার্কার ও নবধারা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রোজানা হাসান, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসাইন চৌধুরী ও রাজ দত্ত এবং লেবানিজ কমিউনিটি নেতা টনি মোবারক।

এ ছাড়া বক্তব্য দেন রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ আবদুল মতিন, সাংবাদিক আতাউর রহমান, মাসুম বিল্লাহ ও মোহাম্মাদ জসিম উদ্দিন, নিবন্ধিত নার্স সুফিয়া কোরাশী এবং মোহাম্মাদ আলী সিকদার।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের একক দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নারী-পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য প্রয়োজনীয় আইনি, সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
বক্তারা আরও বলেন, অস্ট্রেলিয়ার বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সামাজিক পটভূমির মানুষের কাছে নারী ও শিশু সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘু কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশি উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠকদের ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা মনে করেন, ব্যবসা-বাণিজ্য ও পেশাগত সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, মানবিক উদ্যোগ এবং কমিউনিটির কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। নবধারা অ্যাসোসিয়েশনের এ আয়োজন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সামাজিক অংশগ্রহণ ও ইতিবাচক অবদানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
আয়োজক সূত্রে জানা যায়, নবধারা অ্যাসোসিয়েশন গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে হোয়াইট রিবন কর্মসূচির আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলাদেশি কমিউনিটির প্রথম হোয়াইট রিবন অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য অতিথি, বক্তা, সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, হোয়াইট রিবন একটি আন্তর্জাতিক সচেতনতামূলক আন্দোলন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ করে পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সম্মান, সমতা ও নিরাপত্তাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে উৎসাহিত করাই এ আন্দোলনের অন্যতম লক্ষ্য।
Development by: webnewsdesign.com