জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতিতে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ কারণে দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন এবং পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত কাট-অফ ডেট কার্যকরের দাবি জানান তারা।
কর্মসূচিতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে, ৩ মার্চ সমন্বয় করা সুপারিশনামা বাতিল করে ৩১ ডিসেম্বর ২০২৪-কে কাট-অফ ডেট ধরে পদোন্নতি দেওয়া। পাশাপাশি প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখকে কাট-অফ ডেট হিসেবে নির্ধারণ করে পদোন্নতি কার্যকরের দাবি জানান তারা।
বক্তারা বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। বিষয়টি দ্রুত সমাধানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপও কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মোতাহের হোসেন, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, সেলিম খান, সুমন সরকার, সাইদুর রহমান, রাজু আহমেদ ও আশরাফুল হকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
Development by: webnewsdesign.com