চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার আয় ও মুনাফা বেড়েছে। আলোচিত সময়ে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৭ শতাংশ এবং মুনাফা বেড়েছে ১৯ শতাংশ।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে রবি আজিয়াটার আয় হয়েছে ৭ হাজার ৯২৯ কোটি ৫৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৭ হাজার ৪০৭ কোটি ৩৬ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৫২২ কোটি ২১ লাখ টাকা বা ৭ শতাংশ।
এ সময়ে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৭৪৬ কোটি ৫৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৬২৫ কোটি ১৬ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২১ কোটি ৩৮ লাখ টাকা বা ১৯ শতাংশ। এতে চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ৭১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১৭৫ কোটি ৩১ লাখ টাকা বা ৭ শতাংশ।
তবে তৃতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধির হার ছিল তুলনামূলক কম। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২৫১ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪২ কোটি ২৭ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে ৯ কোটি ২ লাখ টাকা বা ৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ পয়সা।
Development by: webnewsdesign.com