ব্রেকিং

x

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নেবে বিএসইসি

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ |

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নেবে বিএসইসি

দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিদ্যমান বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ ক্ষেত্রে পুঁজিবাজারের অংশীজনদের মতামত ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএসইসি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিএসইসির সব কমিশনার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বিভিন্ন নিবন্ধিত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিদ্যমান মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সম্ভাব্য সংশোধনের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। এ বিষয়ে একটি উপস্থাপনা পরিচালনা করেন বিএসইসির বিনিয়োগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক। পরে অংশীজনেরা বিধিমালার বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

সভায় মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিধিমালাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, অংশীজনদের গঠনমূলক মতামত ও পরামর্শ কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন তাদের বক্তব্য শুনতে আগ্রহী। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো অযৌক্তিক বা যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়া হবে না। বর্তমান কমিশনের উদ্দেশ্য ও সদিচ্ছার ওপর আস্থা রাখার জন্য অংশীজনদের প্রতি আহ্বান জানান তিনি।

মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, টেকসই ও বিনিয়োগবান্ধব করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপর নির্ভর করে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই খাতের উন্নয়ন ছাড়া দেশের পুঁজিবাজারের টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সাক্ষরতার ওপর গুরুত্বারোপ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে আর্থিক সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান, সচেতনতা এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ জন্য বিএসইসি, পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com