ব্রেকিং

x

জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা আত্মসাৎ, ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩:৪৫ অপরাহ্ণ |

জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা আত্মসাৎ, ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পারস্পরিক যোগসাজশ ও ঋণ মঞ্জুরির শর্ত লঙ্ঘন করে জনতা ব্যাংকের ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন মালিক এবং জনতা ব্যাংকের ছয় কর্মকর্তা রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (মামলা নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম। মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এ ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও শামসুন নাহার। ইউনুচ ভূঁইয়া মাকসুদুর রহমানের ভাই এবং শামসুন নাহার তার স্ত্রী।

জনতা ব্যাংকের আসামি ছয় কর্মকর্তা হলেন লালদিঘী ইস্ট করপোরেট শাখার ঘটনার সময়ের সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হরিসাধন দেব, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল মোস্তফা, এজিএম মো. আবুল মনছুর এবং সাময়িক বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও তৎকালীন শাখাপ্রধান মোহাম্মদ মোবারুকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ মার্চ জনতা ব্যাংকের লালদিঘী ইস্ট করপোরেট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩০০ কোটি টাকার এলসি লিমিট মঞ্জুর করা হয়।

মঞ্জুরিপত্রে ঋণের মেয়াদ বৃদ্ধির কারণে অন্য কোনো ঋণসুবিধা না দেওয়া, সব পরিচালকের ব্যক্তিগত ও করপোরেট গ্যারান্টি নেওয়া এবং বকেয়া দায় আদায় সাপেক্ষে ঋণ ছাড়ের মতো কঠোর শর্ত আরোপ করা হয়েছিল।

তবে অভিযোগ রয়েছে, শাখার ক্রেডিট কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে এসব শর্ত উপেক্ষা করেন। তারা বিধিবহির্ভূতভাবে তিনটি এলসি (ঋণপত্র) খোলেন। পাশাপাশি কোনো ধরনের নোটশিটে স্বাক্ষর ছাড়াই ভুয়া ভাউচার তৈরি করে দুটি এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট) হিসাব খোলেন।

এভাবে ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ব্যাংক থেকে মোট ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্টের ২০১৭ সালের একটি অডিট প্রতিবেদনেও এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এদিকে, বর্তমানে জনতা ব্যাংকের ওই শাখায় প্রতিষ্ঠানটির কাছে সুদে-আসলে মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি ১২ লাখ টাকা। যদিও ২০১৬ সালে ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি ও যন্ত্রপাতির মূল্যায়ন করা হয়েছিল ১৮৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৬১২ টাকা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com