রাজধানীর হাতিরঝিলে মহানগর এলাকার ব্রিজ থেকে লেকের পানিতে লাফিয়ে পড়ে বজলু মিরাজ চৌধুরী রাজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের মা তার ছেলেকে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিলের মহানগর এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেলে করে রাজ হাতিরঝিলে আসেন। মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে যায় সে।
এরপর মোটরসাইকেল চালকের কাছে মোবাইল এবং মানিব্যাগে রেখে ব্রিজ থেকে লেকে লাফ দেন তিনি। এসময় তাকে উদ্ধারের জন্য তারা চেষ্টা চালালেও তাকে বাঁচানো যায়নি।
পরে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন।
এদিকে, রাজের মা ঢাকা মেডিক্যালে ছেলের মরদেহ দেখতে এসে অভিযোগ করে বলেন, তার ছেলের বন্ধু ও বান্ধবী ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে রাজকে হত্যা করেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক কারিবেল হাসান বলেন, এই ঘটনায় নিহতের বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজের মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Development by: webnewsdesign.com