ব্রেকিং

x

তেঁতুলতলা মাঠেই চলছে কলাবাগান থানার ভবন নির্মাণ

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ১১:১৩ পূর্বাহ্ণ |

তেঁতুলতলা মাঠেই চলছে কলাবাগান থানার ভবন নির্মাণ
সংগৃহীত ছবি

রাজধানীর কলাবাগানের থানা ভবন নির্মাণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা ও বিকল্প জায়গা খুঁজে বের করার ঘোষণা দিলেও, তেঁতুলতলা মাঠে থামেনি নির্মাণ কাজ। বরং কাজ চলছে জোরে শোরে। মাঠে বেড়েছে পুলিশের উপস্থিতি। তাদের সাথে যুক্ত হয়েছে নজরদারির প্রযুক্তি।

এদিকে, এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন, বিকল্প জায়গা খোঁজার এখতিয়ার পুলিশের নয়। সব আইন মেনেই পুলিশ মাঠটি বরাদ্দ নিয়েছে। জেলা প্রশাসন তাদেরকে জমি বুঝিয়ে দিয়েছে।

কলাবাগানের তেঁতুলতলা মাঠের একদিকে চলছে থানা ভবন নির্মাণের কাজ। আর, অন্যদিকে খেলছে শিশুরা। নির্মাণ সামগ্রীর বালু নিয়ে কিছু একটা বানাচ্ছে মোস্তাকিম। কিন্তু জানে না ঠিক কি বানাচ্ছে সে। তবে খেলতে পারছে সেটাতেই তার আনন্দ।

পুলিশ অবশ্য জানে এই মাঠেই হবে কলাবাগান থানার নিজস্ব ভবন। তাই পুরোদমেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। শিশুরা এসে সেখানে খেলছে বটে, তবে রয়েছে অনিশ্চয়তা। যেই মাঠ রক্ষার জন্য এতো কিছু হয়ে গেলো, সেটি শেষ পর্যন্ত রক্ষা হবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা এবং থানা নির্মাণের বিকল্প জায়গা খোঁজার আশ্বাসের বাস্তব কোন প্রমাণ পাচ্ছেন না এলাকাবাসী। দিনরাত একযোগে কাজ চালিয়ে এরিমধ্যে শেষ হয়েছে সীমানা প্রাচীর নির্মাণের প্রথম ধাপের কাজ।

এদিকে, এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সব ধরনের প্রক্রিয়া শেষ করেই তারা কলাবাগান থানার জন্য জমি বরাদ্দ নিয়েছেন জেলা প্রশাসকের কাছ থেকে। সেই সঙ্গে সোজা কথায় বলে দিয়েছে, বিকল্প জায়গা খোঁজা পুলিশের এখতিয়ার নয়।

এদিকে ১৩ ঘন্টার পুলিশের হাতে আটক থাকার ঘটনায় বিপর্যস্ত সৈয়দা রুনা এখনও চান বাচ্চাদের খেলার জায়গাটুকু বেঁচে থাকুক।

অন্যদিকে, মাঠে পুলিশের অবস্থানতো কমেইনি বরং পুলিশ সদস্যদের শরীরের সাথে যুক্ত হয়েছে ক্যামেরা। যা দিয়ে আশপাশের পরিস্থিতি নজরে রাখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com