ব্রেকিং

x

বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নতুন প্রকল্প নিতে চায় ওয়াসা

শনিবার, ০৭ মে ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ |

বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নতুন প্রকল্প নিতে চায় ওয়াসা
ফাইল ছবি

ঢাকা ওয়াসার মূল উৎস থেকে আসা পানিকে শতভাগ বিশুদ্ধ দাবি করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেছেন সরবরাহ লাইনের ত্রুটির কারণে পানি দূষিত হচ্ছে।

আর এই সঙ্কট দূর করতে হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিতে চায় ওয়াসা। আর এই প্রকল্পের আওতায় পুরো রাজধানীকে ১৫০টি জোনে ভাগ করে পানি সরবরাহ করা হবে।

ওয়াসার পানির মান নিয়ে নগরবাসীর অভিযোগ দীর্ঘ দিনের। কিন্তু ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির অভিযোগটা এবার যেনো একটু বেশিই শোনা যাচ্ছে।

পানি নিয়ে নগরবাসীর হাজারও অভিযোগের জবাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলছেন গরমের এই সময়ে প্রতি বছর পানিতে সমস্যা দেখা দেয়।

কারণ ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টে পানি আসে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে। গ্রীষ্মের এই সময় নদী দুটির পানিও থাকে দূষিত। যা পরিশোধন করেও শতভাগ দুর্গন্ধ দূর করা যায় না।

তার ওপর আছে উন্নয়ন কর্মকাণ্ডের বিভ্রাট। খোঁড়াখুঁড়ির কারণে কাটা পড়ে পানির লাইন। যা পানিকে দূষিত ও গন্ধযুক্ত করে তোলে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, পানি লাইনে যাওয়ার পর অনেক সময় বিপত্তি ঘটে, সেটা হয় লাইন ফাটা থাকার কারণে বা ভাঙা থাকার কারণে।

ঢাকায় চলমান উন্নয়ন কাজের সময় বিভিন্ন সংস্থা যখন মাটির নিচে কাজ করতে যায় তখন লাইন ফুটো হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে জানান তিনি।

এসব সমস্যা দূর করতে নতুন প্রকল্পের কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বলেছেন, রাজধানীকে ১৫০টি বিভাগে ভাগ করে পানি সরবরাহ করা হলে সমস্যাটি নিয়ন্ত্রণ করা যাবে।

তিনি জানান, তখন এক লাইনের সমস্যা অন্য লাইনকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে এমন প্রকল্পের জন্য ব্যয় হবে হাজার কোটির টাকার ওপরে।

ওয়াসার প্রধান আবারও দাবি করেছেন, তাদের পানি পরীক্ষা করে ডায়রিয়া বা পানিবাহিত কোন রোগের জীবাণুর খোঁজ মেলেনি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com