দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচনা হচ্ছে। কেননা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন রাষ্ট্রপতির সময়ে। সেজন্যই রাষ্ট্রপতি কে হচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি- এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।তবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ার প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে।
এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের বৈঠক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে।
এদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দেবে না বলে জানিয়েছে দলটি। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন সেটাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যায়ে এসে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় কেবল দুটি নাম। তারা হলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সব দিক বিচেনায় ওবায়দুল কাদেরেরই বঙ্গভবনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হলেও নানা বিবেচনায় শেষ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই বলে একাধিক সূত্রে জানা গেছে।
শুরুতেই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও বিচারপতি মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শেষ পর্যায়ে এসে সবাইকে ছাড়িয়ে এখন আলোচনায় ওবায়দুল কাদের ও ড. মসিউর রহমান।
তবে রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আলোচনা হতে পারে (রাষ্ট্রপতি পদ নিয়ে)। আমি এ ব্যাপারে আগ্রহী নই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, সেটি ফেলে রেখে ওই পদে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। রাষ্ট্রপতি হিসেবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন, নাকি অন্য কেউ আসবেন সেটি কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড়ের তেমন কিছু নেই। আওয়ামী লীগ সময়মতো প্রার্থী দেবে। একাধিক প্রার্থী থাকলে, সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।’
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।
Development by: webnewsdesign.com