ব্রেকিং

x

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৫৬ অপরাহ্ণ |

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সংগৃহীত ছবি

অস্বাস্থ্যকর বায়ু গ্রহণ করেই বছর শুরু করেছেন ঢাকার মানুষ৷ জানুয়ারি মাসের একদিনও নির্মল বাতাস পায়নি ঢাকাবাসী। কখনও ‘খুবই অস্বাস্থ্যকর’, কখনও ‘অস্বাস্থ্যকর’, আবার কখনও ‘বিপজ্জনক’। বাতাসের মান তালিকায় এমন তিন ক্যাটাগরিতেই ঘুরপাক খাচ্ছে রাজধানী ঢাকার বায়ুদূষণের মানমাত্রা। তালিকায় থাকা শহরগুলোর মধ্যে শীর্ষ পাঁচে তো বটেই, শীর্ষস্থান থেকেই নড়চড় কম বাংলাদেশের সবচেয়ে জনবহুল নগরীর। সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ (৬ ফেব্রুয়ারি) ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। ২৬৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় সবার শীর্ষেই রয়েছে ঢাকা। খারাপ বায়ুর তালিকায় ঢাকার পরেই অবস্থান ভারতের রাজধানী দিল্লির। ওই তালিকায় দিল্লির স্কোর ২৩৫।

সোমবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত শহরের ১০টিই এশিয়ার। ১৯০ স্কোর নিয়ে দিল্লির পরে রয়েছে চীনের উহান। ১৮২ স্কোর নিয়ে যৌথভাবে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই ও চীনের চেংডু। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, ভারতের কোলকাতা এবং চীনের সেনইয়াং।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে সোমবার ওই স্তরে ছিল না কোনো শহরই।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com