প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং অসমাপ্ত আত্মজীবনী না প্রকাশ হলে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছেই ফেলা হতো। সব ইতিহাস থেকেই জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই প্রথম ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যায়নি।
তিনি বলেন, ভাষা আন্দোলনের অনেক তথ্য আপনারা পাবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যে সমস্ত রিপোর্ট দিয়েছিল, আমি ১৯৯৬ সালে ক্ষমতা এসে সমস্ত রিপোর্ট সংগ্রহ করি। সেগুলো কপি করে আমাদের কাছে রাখি। আমাকে সহযোগিতা করে আমার বান্ধবী বেবী মওদুদ। প্রায় ২০টা বছর আমরা এর ওপরে কাজ করি, প্রত্যেকটা ফাইল আমরা দেখি। দ্বিতীয় বার যখন আমি ক্ষমতা আসি, তখন সিদ্ধান্ত নেই এগুলো প্রকাশ করব। পৃথিবীতে কোনও নেতা ওপর কোনও রিপোর্ট প্রকাশ করা হয় নাই। আমাদের এই রিপোর্টটাই সর্বপ্রথম আমি প্রকাশ করলাম।
Development by: webnewsdesign.com