ব্রেকিং

x

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনায় বসতে চান আইনমন্ত্রী

সোমবার, ০৬ মার্চ ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ |

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনায় বসতে চান আইনমন্ত্রী
সংগৃহীত ছবি

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবার আলোচনার দ্বার উন্মুক্ত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুক্তিসঙ্গত সব সাজেশন সরকার শুনতে চায়। সুশীল সমাজের বক্তব্য বন্ধ করার উদ্দেশ্য সরকারের নেই। সুশীল সমাজের সুপারিশগুলো সরকার গুরুত্বের সঙ্গে নেবে।’

সোমবার (৬ মার্চ) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আবার বসা হবে, সেখানে যে কেউ মতামত দিতে পারবেন। কেন এই আইন করতে আমরা বাধ্য হয়েছি তার প্রেক্ষাপট সবাই জানেন। এটা ব্যাখ্যা করে বলার দরকার নেই। অনেকেই বলেছেন এই আইন করে কোনো উপকার হয়নি। আমার মনে হয় কিছু কিছু উপকার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এমন কথা বলব না যে আইনটির কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। সব আইনেরই কিছুকিছু পদ্ধতিগত সমস্যা থাকে। আবার কিছু কিছু বাস্তবায়নের সমস্যা থাকে। যখন বাস্তবায়নে সমস্যা হয় তখন আলোচনার মাধ্যমে তার সমাধান করা হয়। ঠিক সেকারণেই বলছি, এই আইন নিয়ে আমরা আবারও বসব। যদি বিধি পরিবর্তন করে সমস্যার সমাধান করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেদিকে যাব। যদি তারপরও আমরা দেখি যে আইনটির সংশোধন করা প্রয়োজন আছে, সেটা করতেও আমরা পিছপা হব না। কিন্তু সম্পূর্ণ আইনটিকে বাতিল করে দেওয়া যুক্তিসঙ্গত হবে না। সেজন্য আসুন আমরা আইনটি নিয়ে আবার বসি এবং সেখানে আইনটির সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করি। এই বৈঠক রমজানের আগেই হতে পারে।

নাগরিক সমাজের প্রতি ইঙ্গিত করে আনিসুল হক বলেন, ‘আপনাদের যেমন সংবিধানের প্রতি আনুগত্য আছে, তেমনি আমাদেরও আনুগত্য আছে। আমরাও চাই না সংবিধান বিরোধী কোনো আইন হোক।’

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তিনি বলেন, ‘কারো বাক-স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতাহরণ করার জন্য এটা তৈরি করা হয়নি। পেনাল কোডে ফিজিক্যালি চুরি করলে কী শাস্তি হয়, সেটা আছে। প্রযুক্তির বিস্তারের ফলে চুরি আর শুধু ফিজিক্যালি হয় না, ডিজিটাল মাধ্যমেও হয়। ডিজিটাল মাধ্যমে যে অপরাধগুলো হচ্ছিল তা প্রতিরোধের জন্য একটি আইনের প্রয়োজন ছিল। বিশ্বের যেখানেই এই আইনের বিষয়ে কথা হয়েছে সেখানে কেউ বলেনি, এ আইনের প্রয়োজনীয়তা নেই।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com