ব্রেকিং

x

সুযোগ নষ্ট হলে পিছিয়ে যাবে দেশ

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ৯:৪৯ পূর্বাহ্ণ |

সুযোগ নষ্ট হলে পিছিয়ে যাবে দেশ
সংগৃহীত ছবি

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি।

গতকাল রোববার বিমানবাহিনী সদরদপ্তরে প্রধান অতিথি হিসেবে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সততা, বিশ্বস্ততার ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণসম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির দাবিদার। যেসব কর্মকর্তা সামরিক জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশনা দেন তিনি।

এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

পদোন্নতি পর্ষদে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সব বীর সেনানীকেও স্মরণ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তিলগ্নে নৌ ও বিমানবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে নৌ ও বিমানবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
এ অনুষ্ঠানে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন-বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com