পরিবেশবান্ধব শিল্পায়নে অনন্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এ অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব ভবন কাউন্সিলের কাছ থেকে মর্যাদাপূর্ণ এলইইডি প্লাটিনাম সনদ পেয়েছে আদজি ট্রিমস। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট খাতের বৈশ্বিক তুলনামূলক তথ্য অনুযায়ী, প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে ৯৭ পয়েন্টই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। ফলে আদজি ট্রিমস লিমিটেডের এ সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বাংলাদেশের শিল্প খাতের জন্যও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির এ অর্জন পরিবেশবান্ধব শিল্পায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
পরিবেশবান্ধব শিল্পায়নে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এর আগে ২০২৫ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করে আদজি ট্রিমস লিমিটেড। বাংলাদেশের প্যাকেজিং, ট্রিমস ও অ্যাকসেসরিজ খাতে প্রতিষ্ঠানটির জন্য এটি ছিল উল্লেখযোগ্য জাতীয় স্বীকৃতি।
এর ধারাবাহিকতায় ২০২৬ সালে এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ শ্রেণিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করে প্রতিষ্ঠানটি।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এ দুটি অর্জন পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই শিল্পায়নে আদজি ট্রিমস লিমিটেডের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।
ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। পরে ২০১৬ সালের শেষদিকে নিজস্ব কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতাদের জন্য এক ছাদের নিচে সমন্বিত পণ্য সংগ্রহ ও সরবরাহসেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়। বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, কারিগরি কর্মী ও ব্যবস্থাপনা দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড সহযোগী, ব্যবসায়িক অংশীদার, সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের আস্থা ও সহযোগিতা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।
ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পকারখানার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে আদজি ট্রিমস লিমিটেড।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ৯৭ পয়েন্ট তাদের অর্জন, ১ হাজার ৮০০ সহকর্মী তাদের শক্তি, ক্রেতাদের আস্থা তাদের অনুপ্রেরণা। আর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরাই তাদের সবচেয়ে বড় গর্ব।
Development by: webnewsdesign.com