ব্রেকিং

x

৬২৪৪ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | ৯:০০ অপরাহ্ণ |

৬২৪৪ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ঋণের নামে প্রায় ৬ হাজার ২৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

 

দুদকের এজাহার অনুযায়ী, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে নেওয়া ঋণের সুদসহ মোট ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগে মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীনসহ জনতা ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের মামলায় উল্লেখ করা হয়, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানাকে প্রধান আসামি এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুলকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের ২৮ কর্মকর্তার নাম এজাহারে অন্তর্ভুক্ত রয়েছে।

 

এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের মামলায় অভিযোগ করা হয়, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত বিভিন্নভাবে ঋণ নিয়ে সুদসহ ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় সাইফুলকে প্রধান করে জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের মামলায় বলা হয়, ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত নেওয়া ঋণের সুদসহ ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় সাইফুল, জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের সুগার মিল ও সুপার এডিবল অয়েল মিলের নামে প্রায় ৩ হাজার ৮৫ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দুদক দুটি মামলা করে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com