ব্রেকিং

x

অকার্যকর ঘোষণা করা হচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | ২:৪৭ অপরাহ্ণ |

অকার্যকর ঘোষণা করা হচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকবহির্ভূত ছয়টি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে খুব খারাপ অবস্থায় থাকা আরও তিনটি প্রতিষ্ঠানকে পরিস্থিতি উন্নয়নের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর সভাপতিত্ব করেন।

অকার্যকর ঘোষণার সিদ্ধান্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। আর জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এই তিন সূচকের ভিত্তিতে একাধিক ধাপের যাচাই শেষে প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা হয়। চলতি মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

অকার্যকর ঘোষণার পর এসব প্রতিষ্ঠান অবসায়ন করে ব্যক্তি আমানতকারীদের পুরো মূল টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকার থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা সহায়তা চাওয়া হবে।

বিদ্যমান আইনে কোনো ব্যাংক বন্ধ হলে আমানত বীমা তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পান। তবে বন্ধ হতে যাওয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। সরকারি তহবিল থেকেই আমানতকারীদের পুরো আসল টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। আগামীকাল বৃহস্পতিবার গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতির ভঙ্গি ঘোষণা করবেন। মূল্যস্ফীতি ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com