ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও নগদ আদায় বাড়াতে ঋণখেলাপিদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে পাঠানো এক চিঠিতে এবিবির চেয়ারম্যান মাশরুর আরেফিন এসব প্রস্তাব তুলে ধরেন। খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপের মধ্যে শৃঙ্খলা ফেরানো এবং আদায় পরিস্থিতি উন্নত করাই এসব সুপারিশের মূল লক্ষ্য বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এবিবির প্রস্তাব অনুযায়ী, আদালত বা সংশ্লিষ্ট ব্যাংকের অনুমতি ছাড়া ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি তাঁদের কোনো ব্যবসায়ী সংগঠন বা সমিতির নির্বাচনে অংশগ্রহণ আইনগতভাবে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। কঠোর ঋণ শ্রেণীকরণ নীতি এবং আগে গোপন থাকা খেলাপি ঋণ হিসাবভুক্ত হওয়ায় এ অঙ্ক বেড়েছে।
এবিবির এই উদ্যোগকে সমর্থন জানিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপিদের নাম প্রকাশ একটি যৌক্তিক পদক্ষেপ।
তার মতে, ঋণখেলাপিদের নীতিনির্ধারণী প্রক্রিয়া ও সামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
Development by: webnewsdesign.com