পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের চাপ সামাল দিতে এবারও পশ্চিম ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে।
এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ৫ জোড়া (মোট ২০টি) বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ঈদের আগে ও পরে যাত্রীদের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, অনলাইনভিত্তিক টিকিট বিক্রি ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com