নন-লাইফ বীমা খাতে ‘শূন্য কমিশন নীতি’ কঠোরভাবে বাস্তবায়নে কোম্পানিগুলোর সকল ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র জারিকৃত সার্কুলারের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিআইএ’র সেক্রেটারি মো. ওমর ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানিগুলোর আওতাধীন সকল বীমা এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে, যা ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর। ফলে উক্ত তারিখ থেকে কোনো বৈধ এজেন্ট লাইসেন্স কার্যকর থাকবে না এবং কোন প্রকার কমিশন প্রদানের সুযোগ থাকবে না।
এই প্রেক্ষিতে নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএ ঘোষিত ‘জিরো কমিশন নীতি’ বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের সকল ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে নির্ধারিত অঙ্গীকারনামা গ্রহণের নির্দেশ দিয়েছে বিআইএ। একইসঙ্গে অঙ্গীকারনামা গ্রহণের পর তা এসোসিয়েশনকে অবহিত করতে বলা হয়েছে।
বিআইএ প্রদত্ত অঙ্গীকারনামায় যেসব বিষয়ে সম্মত থাকতে হবে ব্রাঞ্চ ম্যানেজারদের-
কোম্পানির নীতিমালা, বীমা আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা; ‘জিরো কমিশন পলিসি’ কঠোরভাবে বাস্তবায়ন করা; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কমিশন, আর্থিক সুবিধা বা প্রণোদনা গ্রহণ/প্রদান না করা;
সকল প্রিমিয়াম নির্ধারিত প্রক্রিয়ায় কোম্পানির হিসাবে জমা নিশ্চিত করা; অবৈধ লেনদেন বা অনিয়ম থেকে বিরত থাকা; বিধি-বিধান লঙ্ঘনের ক্ষেত্রে কোম্পানি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থা মেনে নেয়া।
Development by: webnewsdesign.com