২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের অবশিষ্ট ফি পরিশোধ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) বিআইএর প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বীমা আইনের ১১(২) ধারা অনুযায়ী কোনো বীমাকারীকে সংশ্লিষ্ট বছরের নিবন্ধন নবায়নের আবেদন আগের বছরের ৩০ নভেম্বরের আগে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয় এবং আবেদনের সঙ্গে বিধি অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী, উপধারা (২) অনুযায়ী আবেদন ও আবেদন ফি পাওয়ার পর কর্তৃপক্ষ বীমাকারীর লাইসেন্স নবায়ন করে।চিঠিতে উল্লেখ করা হয়, আইন অনুযায়ী সব বীমা কোম্পানি ২০২৬ সালের নিবন্ধন ফি ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে জমা দিয়েছে বলে জানা যায়।
এদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গত ১ মার্চ ২০২৬ তারিখে আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে তারা ২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর অবশিষ্ট লাইসেন্স নবায়ন ফি যাতে পরিশোধ করতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে এ বিষয়ে গেজেট সংশোধনের উদ্যোগ নেওয়ার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।
এ পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
Development by: webnewsdesign.com