শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ পাবেন।
কোম্পানিটির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানিয়েছে, বছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ২৯ টাকা ৬৩ পয়সা।
তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ১ টাকা ৮৯ পয়সায় দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ২ টাকা ৮৫ পয়সা।
ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে আজ (২৩ এপ্রিল) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না বলেও জানিয়েছে ডিএসই।
Development by: webnewsdesign.com