ব্রেকিং

x

ডমিনেজ স্টিলের শেয়ার কিনছেআকিজ রিসোর্স

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ |

ডমিনেজ স্টিলের শেয়ার কিনছেআকিজ রিসোর্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোম্পানিটির বিদ্যমান পরিচালকদের কাছ থেকে ৩০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে আকিজ রিসোর্স লিমিটেড।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ডমিনেজ স্টিল কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনার ভিত্তিতে অফ–মার্কেটে লেনদেনের মাধ্যমে কোম্পানির মোট ৩ কোটি ৭৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের থেকে ওই শেয়ার কিনে নিবেন আকিজ রিসোর্স এবং কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেয়ার হস্তান্তরের অনুমোদনের জন্য শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদের সিদ্ধান্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ব্যবস্থাপনার অধীনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় চালু ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রেতা পক্ষের বিদ্যমান ইস্পাত খাতের অবকাঠামোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোম্পানিটির কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তথ্য মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের উদ্যোক্তা ও পরিচালকদের কাছে বর্তমানে কোম্পানিটির ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ারের মালিকানা বিদ্যমান রয়েছে। এই শেয়ার ক্রয় সম্পন্ন হলে পরিচালনা পর্ষদের পূর্ণ মালিকানা আকিজ রিসোর্স লিমিটেডের কাছে চলে যাবে।

বর্তমানে ডমিনেজ স্টিলের সাভারের কারখানায় উৎপাদন সচল থাকলেও নরসিংদীর কারখানাটি বন্ধ রয়েছে। মালিকানা অধিগ্রহণের পর কোম্পানিটির কার্যক্রম পূর্ণমাত্রায় চালু ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

এর আগেও করোনা পরবর্তী সময়ে প্রায় ৪৫০ কোটি টাকায় মুন্সিগঞ্জে অবস্থিত ম্যাগনাম স্টিল অধিগ্রহণ করে আকিজ রিসোর্স গ্রুপ। বর্তমানে কারখানাটি আকিজ ইস্পাত নামে পরিচালিত হচ্ছে।

২০২০ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আইপিওর মাধ্যমে মূলধন উত্তোলন করে ভবন নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যবহার করবে বলে সে সময় জানিয়েছিল ডমিনেজ স্টিল।

কোম্পানিটির ১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০২ কোটি টাকা। বি ক্যাটাগরির কোম্পানিটির স্পন্সর পরিচালকদের হাতে আছে ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধীনে ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় ৬১ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ লেনদেনের তথ্য অনুযায়ী ডমিনেজ স্টিলের শেয়ারদর ৬০ টাকা ৬০ পয়সা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com