এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. ফিরোজ আহমেদ সভায় অংশ নেন।
অনুমোদিত প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ০.০৮০ টাকা।
ব্যাংকের নগদ প্রবাহের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি লক্ষ্য করা গেছে। একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক (-) ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে এই সূচক দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যা গত বছর ছিল ঋণাত্মক (-) ৫.৬৩১ টাকা।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১,৩৮৫.৬৯ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬.৭২ টাকা। সমন্বিত ভিত্তিতে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১,৪০৪.১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬.৯৫ টাকা।
সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন ব্যয় হ্রাস পাওয়ায় প্রথম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় বৃদ্ধি ও ঋণের পরিমাণ কমে আসায় নগদ প্রবাহে ইতিবাচক ধারা ফিরেছে।
Development by: webnewsdesign.com