দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সমন্বয় বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেএমইএ কার্যালয়ে বিকেএমইএ প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিকেএমইএর বেশ কয়েকজন পরিচালকও উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিকেএমইএ ও পাকিস্তান হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (পিএইচএমএ) মধ্যে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।
বিকেএমইএর প্রেসিডেন্ট এ সময় পাকিস্তানি কোম্পানিগুলোকে আসন্ন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশনে অংশ নেওয়ার আহ্বান জানান। ২০২৭ সালের জানুয়ারিতে এটি আয়োজিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের মধ্যকার সরবরাহ শৃঙ্খল ব্যবস্থা আরও গতি পাবে।
পাকিস্তানের হাইকমিশনার বিকেএমইএ প্রেসিডেন্টকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সমন্বয় বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
Development by: webnewsdesign.com