বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র খুঁজে বের করা এবং আর্থিক বাজারের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর কৌশল সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর ২০২৬ বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত এ সামিটে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশ নেন।
‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এ আয়োজনে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট ও ডেরিভেটিভস বিষয়ে দুটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সুযোগ এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও পণ্যমূল্যের পরিবর্তনের কারণে সৃষ্ট আর্থিক ঝুঁকি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশনের ব্যবহারিক দিক নিয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ট্রেজারি ব্যবস্থাপনার চাহিদা ও চ্যালেঞ্জ নিয়ে ব্যাংকটির বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।সামিটে ব্র্যাক ব্যাংকের পক্ষে বিভিন্ন সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি নাজমুল আহসান, সিএফএ বলেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি বাজারের জটিলতা মোকাবিলা ও ঝুঁকি কমাতে প্রয়োজন সময়োপযোগী তথ্য এবং প্রতিষ্ঠানভিত্তিক ট্রেজারি সল্যুশন। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, ট্রেজারি পণ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক বিশেষায়িত সেবা দেওয়াই এ সামিটের মূল লক্ষ্য।
ব্র্যাক ব্যাংকের এ আয়োজনের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির পেশাগত যোগাযোগ আরও জোরদার হওয়ার পাশাপাশি আধুনিক ট্রেজারি পণ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
Development by: webnewsdesign.com