মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্য ধ্বংস ও মাদক বিরোধী সচেতনতা সভা । সোমবার(১৩আগস্ট) সকাল ১০ টায় শহরতলির ভানুগাছরোডস্থ মহসীন অডিটোরিয়ামে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন। এসময় বক্তব্য রাখেন ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ হায়দার, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মো. মাহাবুবুর রহমান, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, হবিগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ চৌধুরী, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা সুবোধ কুমার দে, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব প্রমুখ। এসময় বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, দি বাড্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পৌরসভা প্রাঙ্গনে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিদেশী মদ, ফেনসিডিল ইত্যাদি মাদকদ্রব্য বল্ডুযার (রাস্তা সমান করার গাড়ি) দিয়ে ভেঙ্গে নষ্ট করা হয় এবং গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারী ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্যগুলো আটক করে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ৫৫ ব্যাটালিয়ন ।