ব্রেকিং

x

বিআরটিসির নতুন চেয়ারম্যান এহছানে এলাহী 

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯ | ১০:৩৩ পূর্বাহ্ণ |

বিআরটিসির নতুন চেয়ারম্যান এহছানে এলাহী 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মোঃ এহছানে এলাহী। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে মোঃ এহছানে এলাহীকে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

মোঃ এহছানে এলাহী ১৯৯১ সালে বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী, সৎ ও চৌকস কর্মকর্তা হিসেবে তিনি সুনাম ও দক্ষতার সাথে মাঠপ্রশানে দায়িত্বপালন করেছেন। তিনি চট্টগ্রামের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে পূর্বাঞ্চলীয় রেলের জিএম পদে অধিষ্ঠিত হন। এক পর্যায়ে তাকে ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে পদায়ন করা হলে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গাইবান্ধার ডিসি হিসেবে প্রায় ৩ বছর দায়িত্ব পালনকালে অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক হিসেবে মানুষের হৃদয় জয় করতে এবং প্রশাসনকে গতিশীল রাখতে ও সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে সক্ষম হন। ফলশ্রুতিতে তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। এহছানে এলাহী জনপ্রশাসনের একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
এহছানে এলাহীর জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার তিনছটি নয়াগ্রামে। তাঁর বাবা প্রয়াত আব্দুল লতিফ একজন শিক্ষাবিদ ছিলেন। মোঃ এহছানে এলাহী জালালাবাদ এসোসিয়েশন, স্পীকার হুমায়ূন চৌধুরী রশীদ স্মৃতি পরিষদসহ নানা সামাজিক সংগঠনে এবং এলাকার বিভিন্ন চ্যারিটেবল কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর জন্মস্থান কানাইঘাটে তিনি খোকন নামে সমধিক পরিচিত।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com