পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঠিক করতে সোমবার (৩ এপ্রিল) বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বসবে সেই সভা। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৫ মার্চ কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছিল আগামী মে মাসের শেষার্ধ থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করা হবে।
তিন ধাপে সিটি করপোরেশনের ভোট করার ভাবনা রয়েছে ইসির। পাঁচ সিটির মধ্যে সবার আগে গাজীপুর সিটি ভোটের ক্ষণগণনা শুরু হয় ১১ মার্চ, ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। গাজীপুরে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৮ সালের ২৬ জুন। খুলনায় ২০১৮ সালের ১৫ মে এবং রাজশাহী, সিলেট ও বরিশালে সবশেষ ২০১৮ সালের ৩০ জুলাই ভোট হয়েছিল।
সংসদ নির্বাচনের আগেই পাঁচ সিটি শেষ করা হবে। এ বছরের নভেম্বর থেকে শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পাঁচ বছরের মেয়াদ সিটি করপোরেশনের। মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়।
রোববার (২ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সভায় সিটি করপোরেশনের ভোটের তফসিল বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
Development by: webnewsdesign.com