বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থার দাবি জানিয়েছেন বিদেশে অবস্থানকারী প্রবাসীরা। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)।
আজ বুধবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে স্মারকলিপি দেন তারা। পর্তুগালের লিসবন সিটির কাউন্সিলর রানা তসলিম উদ্দীনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আগামী নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার দাবি জানান।
এ সময় সিইসি বলেন, বিদ্যমান আইনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা আছে। যারা বিদেশ থেকে ভোট দিতে চান তাদেরকে নিজ নিজ রিটার্নিং অফিসার বরাবরে ব্যালট পেপারের জন্য আবেদন করলে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ওই ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশে ভোটের অন্তত একদিন আগে ব্যালট পেপার ফেরৎ পাঠাতে পারলে ওই ভোট গণনা করা হবে বলে সিইসি প্রবাকসের প্রতিনিধিদের জানান।
স্মারকলিপিতে প্রবাসীরা বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নির্বাচনের সময় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন না। এজন্য ব্যবস্থা করা গ্রহণ করা দরকার।
এছাড়া আগামী সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে একযোগে সব দূতাবাসে এনআইডি রেজিস্ট্রেশন বুথ স্থাপনের দাবি জানান তারা। আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিবন্ধনের তথ্য সংগ্রহ, পাসপোর্টের কপি গ্রহণের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ, অনলাইনে ফরম ফিল-আপের ব্যবস্থা, ফিঙ্গার প্রিন্ট নিয়ে ওইদিনই কার্ড বিতরণ, বাংলাদেশে জন্মগ্রহণকারী দ্বৈত নাগরিক ও তাদের বিদেশি স্ত্রী এবং বিদেশে জন্মগ্রহণকারী প্রজন্মকে বাংলাদেশের পৈত্রিক সম্পত্তির মালিকানা রক্ষা ও বিনিয়োগে উৎসাহিত করতে এনআইডি দেওয়ার দাবি জানানো হয়।
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুর রহমান, কানাডা প্রবাসী আহসান হাবিব সুমন, যুক্তরাজ্য প্রবাসী শওকত ই খোদা প্রিন্স, বেলজিয়াম প্রবাসী বজলুর রশীদ বুলু, গ্রিস প্রবাসী মো. রিপন ফকির, ব্রাজিল প্রবাসী আবু সুফিয়ান উজ্জল, দক্ষিণ কোরিয়া প্রবাসী এস বি হাসান, প্রবাকসের কো-অর্ডিনেটর ওমর আলী প্রমুখ।
অর্থকাল /এসএ/খান
Development by: webnewsdesign.com