তুমি কি এখনও তাকিয়ে রয়েছো নিরুপমা?
সে আসবে কিনা
তারই প্রতীক্ষা করছো?
যে তোমার ভালোবাসা সহসা করেছে ত্যাগ,
তারই প্রতিক্ষায় মগ্ন হয়েছে তোমার চোখ?
জানালার এপার ওপারের সংবেদনগুলি
তোমার ইন্দ্রিয় সমূহকে করছে আঘাত বারংবার।
তোমার ঠোঁটের নিপুণ কারুকাজে উঠানামা
করছে তার সাথে কথা বলবে বলে…
তোমার হৃদয় জাগ্রত হওয়ায় কি সহিষ্ণু সরোবরে
উঠেছিলো এক ফালি রোদ,
তুমি কি সেই রোদে স্নান সেরেছো নিরু?
উচ্ছ্বল তরঙ্গের মতো শিহরিত হয়ে
আমিও যে তোমায় দেখতে পাই ক্রন্দনরত।
তোমার অযাচিত সুখ গড়িয়ে যায়
ক্ষণ কালের স্রোতে আসা বিভাজন হৃদয়ে।
তবুও নিঃশ্চল অবিরত চাহনিতে এখনও
তারই প্রতীক্ষায় মগ্ন রয়েছো তুমি।
ক্ষুধা তৃষ্ণা শোক তাপ উপেক্ষা করে
অবিরত বারিধারার সম্মুখে তাকিয়ে
আশায় বেঁধেছো বুকের রক্তিম প্রদীপ।
তোমার ধমনী তে চলমান রক্তের স্রোতে
আজও বয়ে চলে ভালোবাসার আকুতি।
নিপুণ সংস্পর্শে তারে জড়াবে বলে আজও করছো প্রতীক্ষা তার …
Development by: webnewsdesign.com